রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভাসহ গোলাকান্দাইল ও ভুলতা এলাকার জলাবদ্ধতা নিরসনে গতকাল আরো একটি সেচপাম্প স্থাপন করা হয়েছে। এ নিয়ে যাত্রামুড়া, সুতালড়া, কান্দাপাড়া, মাসাবো, বরপা বাগানবাড়ি এলাকায় ১০ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি সাইজের ১৩টি সেচপাম্প স্থাপন করা হলো। সেচপাম্পগুলো জলাবদ্ধতা নিরসনে একটানা চালু রয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর যৌথ অর্থায়নে এ সেচপাম্পগুলো স্থাপন করা হয়। গত ৮ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘রূপগঞ্জে জলাবদ্ধতায় দুর্ভোগে ১০ হাজার পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তারা এ উদ্যোগ নেন। তারাবো পৌরসভার সুতালড়া এলাকায় আয়োজিত গতকাল রবিবার সেচপাম্প স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভায় বক্তব্য রাখেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, পৌর সচিব তাজুল ইসলাম, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোস্তাফিজুর রহমান মোল্লা প্রমুখ।