২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন। ‘অক্সিজেন এক্সপ্রেস’-এর ১০টি কনটেইনারে আনা তরল মেডিক্যাল অক্সিজেন এই স্টেশন থেকে সড়কপথে ঢাকায় নেওয়া হবে।
গতকাল রবিবার বেলা পৌনে ১১টার দিকে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি আসে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে তরল মেডিক্যাল অক্সিজেন বুঝে নেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম, প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুর উর রহমান প্রমুখ।
সুফিয়া খাতুন জানান, করোনা রোগীদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আমদানিকৃত তরল মেডিক্যাল অক্সিজেন সড়কপথে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় নেওয়া হবে। সেখান থেকে দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ জানান, করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবার জন্য জরুরিভাবে এ অক্সিজেন লিনডে বাংলাদেশ ভারত থেকে সরকারি সহযোগিতায় আমদানি করেছে, যা এখান থেকে খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।