আগামী বুধবার ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তার এই সফরে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যহারের পরবর্তী অবস্থা, কোভিড মোকাবিলায় দুই দেশের সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে। খবর হিন্দুস্তান টাইমসের
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। এর আগে ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারত সফরে গিয়েছিলেন ব্লিনকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে শুক্রবার জানিয়েছে, ২৮ জুলাই ভারত সফরে যাবেন ব্লিনকেন। সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করবেন। বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উচ্চতায় নিয়ে যাওয়া, দুই দেশের বৈশ্বিক অংশিদারিত্ব আরো কিভাবে বাড়ানো যায় তা আলোচনায় স্থান পাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ব্লিনকেনের এই সফরে ভারতের সঙ্গে কোভিড মোকাবিলায় দ্বিপাক্ষিক সহায়তা, ভারত-প্রশান্ত মহাসাগর নিয়ে আলোচনা, আঞ্চলিক নিরাপত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা ইস্যু গুরুত্ব পাবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যহারের পর পরবর্তী পরিস্থিতি নিয়ে।