রান প্রসবা উইকেট, ধন্ধুমার ব্যাটিং, ৩৮৭ রানের ম্যাচ। টি-২০ ক্রিকেটের চিরায়ত সৌন্দর্যই গতকাল হারারের উইকেটে মঞ্চস্থ হয়েছে। ক্রিকেটের খুদে সংস্করণের পূর্ণ বিনোদন ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে। রান উত্সবের ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। সিরিজটা ২-১ এ জিতে নিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। আট বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ফরম্যাটেই সিরিজ জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ। টি-২০ তে একাধিক ম্যাচের সিরিজে এটি বাংলাদেশের চতুর্থ সিরিজ জয়। গতকাল টস জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ৫ উইকেটে ১৯৩ রান তুলেছিল। জবাবে সৌম্য সরকারের হাফ সেঞ্চুরি ও শামীম পাটোয়ারির বিধ্বংসী ব্যাটিংয়ে ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সৌম্য ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার পান। গতকাল জিম্বাবুয়ে সফরের খেলা শেষ হয়ে গেলেও বাংলাদেশ দল ঢাকায় আসবে আগামী ২৯ জুলাই।
সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল। ঘরের মাঠে তিন সংস্করণে বাংলাদেশের কাছে টানা পাঁচ ম্যাচ হারের পর দ্বিতীয় টি-২০ তে ২৩ রানে জিতেছিল জিম্বাবুয়ে। সেই জয়ে স্বাগতিক শিবিরে দারুণ আত্মবিশ্বাসের সঞ্চার করে।
গতকাল লড়াকু মানসিকতায় ব্যাটিং করেছে দলটি। দুই ওপেনারের পর চাকাভা, রায়ান বার্লের ব্যাটে বড় স্কোর গড়েছিল তারা। মারুমানি ২৭, মাধেভেরে ৩৬ বলে ৫৪, চাকাভা ২২ বলে ৪৮, বার্ল ১৫ বলে অপরাজিত ৩১, মায়ার্স ২৩ রান করেন। বাংলাদেশের সৌম্য দুইটি, সাকিব, শরীফুল, সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশও পালটা আক্রমণ করেছে। পঞ্চম হাফ সেঞ্চুরি করা সৌম্য শুরুটা করেছেন। শেষটা ছিল শামীমের ব্যাটে তোলা। ইনিংসের ১৪তম ওভারে আউট হওয়ার আগে ওপেনার সৌম্য ক্যারিয়ার সেরা ৬৮ রানের ইনিংস খেলেন। শামীম ১৫ বলে অপরাজিত ৩১ রান করেন ছয়টি চারে। সাকিব ২৫, মাহমুদউল্লাহ ৩৪, আফিফ ১৪ রান করেন। জিম্বাবুয়ের মুজারাবানি, লুক জঙ্গিয়ে দুইটি করে উইকেট নেন।
প্রধানমন্ত্রীর অভিনন্দন
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়লাভে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেপির অভিনন্দন
জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল এক অভিনন্দন বার্তায় জেপির নেতৃদ্বয় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৯৩/৫
বাংলাদেশ: ১৯.২ ওভারে ১৯৪/৫
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: সৌম্য সরকার