মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

দেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে ২০২২ সালের মাধ্যমিক স্তরের (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে নবম) এবং ২০২২ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়। শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এ সংক্রান্ত জারি করা এক অফিস আদেশে জানানো হয়, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ১৪ জুন থেকে চলমান রয়েছে। ইতিমধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে।