করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। কিন্তু এই বিধিনিষেধ উপেক্ষা করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ বিভিন্ন কৌশলে দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে নদী পার হয়ে যাচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ঢাকামুখী যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহনও পারাপার হচ্ছে।
গতকাল রবিবার সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে ফেরিতে উঠছে মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় লকডাউনের তৃতীয় দিনেও ঢাকামুখী যাত্রীরা ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, থ্রি-হুইলার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্ন আঞ্চলিক সড়ক দিয়ে ভেঙে ভেঙে মহাসড়কে উঠে কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছে। এ সময় অনেক শ্রমজীবী মানুষ ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে হেঁটে ফেরি ঘাটে এসে পৌঁছায়। ফেরিগুলোও ঘাটে আসা যানবাহন ও যাত্রী নিয়েই ঘাট ছেড়ে যাচ্ছে।