চীনে বন্যার পর এবার টাইফুন ইন-ফার আঘাত

চীনে বন্যার পর এবার আঘাত হেনেছে টাইফুন ইন-ফা। টাইফুনের কারণে চীনের বাণিজ্য নগরী সাংহাই ও পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে নৌপথ ও রেলপথও বন্ধ করে দেওয়া হয়। পাতাল রেল চলাচল সীমিত বা স্থগিত করা হয়েছে এবং দোকানপাটও বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার দুপুরে পূর্ব উপকূলীয় ঝেজিয়াং প্রদেশের ঝৌশান শহরের পুতুও এলাকা দিয়ে টাইফুন ইন-ফা স্থলে উঠে আসে। টাইফুনের প্রভাবে সাগর উত্তাল হতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। ভারী বৃষ্টিতে গত সপ্তাহ ধরে বিপর্যস্ত চীনের কয়েকটি প্রদেশ। বন্যা ও ভূমিধসে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে হেনান প্রদেশে। —বিবিসি