ভারতের হিমাচলে ভূমিধসে ৯ পর্যটক নিহত

ভারতের হিমাচল প্রদেশের কিন্নরে ভূমিধসে অন্তত ৯ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্নরের এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মৃত ও আহতরা প্রত্যেকেই পর্যটক। ভূমিধসের সময় তারা সেতুর কাছে গাড়ির মধ্যে ছিলেন। সেখানেই ধাক্কা মারে বোল্ডারগুলো (পাথর)। বোল্ডারের ধাক্কায় বাতসেরি সেতু সম্পূর্ণ ভেঙে গেছে।

গণমাধ্যমে প্রকাশিত এ ঘটনার একটি ভিডিও’তে দেখা যায়, পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়ছে অসংখ্য বড় বোল্ডার। সেগুলো একটি সেতুতে ধাক্কা মারছে। এছাড়া সেতুর পাশে থাকা গাড়িগুলোকেও ধাক্কা মারে বোল্ডারগুলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক জানিয়েছেন। মৃতদের পরিবারকে ও আহতদের আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি।