দুই দেশের সম্পর্ক আরো উন্নত করার চেষ্টা অব্যাহত রাখতে হবে : জাপানের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, দুই দেশের উচিত সম্পর্কের বর্তমান অবস্থা উপভোগ করা এবং আরো উন্নত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা। ২০২২ সাল আমাদের অংশীদারিত্বকে আরো উচ্চ পর্যায়ে নিতে একটি চমত্কার সুযোগ দিতে পারে। যাতে দুই দেশই এই অংশীদারিত্বকে ‘সত্যিকারের কৌশলগত অংশীদার’ হিসেবে অভিহিত করতে পারে। গতকাল রবিবার কসমস গ্রুপ আয়োজিত এক অনলাইন সংলাপে রাষ্ট্রদূত ইতো এ কথা বলেন। কসমস গ্রুপের জনহিতকর প্রতিষ্ঠান কসমস ফাউন্ডেশন ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক :ভবিষ্যতের পূর্বাভাস’ শীর্ষক সংলাপটির আয়োজন করে। উল্লেখ্য, বাংলাদেশ ও জাপান আগামী বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন করবে।

সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। সভাপতিত্ব করেন কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী। আলোচক প্যানেলে ছিলেন জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের বিশেষ দূত মো. আবুল কালাম আজাদ, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, টোকিওর স্যাক্রেড হার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাকা ওহাশি, সাংবাদিক মনজুরুল হক, টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক পলিসির ডিন অধ্যাপক তাকাহারা আকিও এবং সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম প্রমুখ।