কফি উইথ করণ-এ নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেয়ায় ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডে ও লোকেশ রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে ওই অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরকেও।
বার্তা সংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে- ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় শাস্তি চেয়ে এই মামলাটি দায়ের করা হয়েছে। রাজস্থান রাজ্যের জোদপুরের স্থানীয় একটি থানায় এই মামলা দায়ের করেন ডি আর মেগাওয়াল নামের এক ব্যক্তি। যিনি রাজস্থানের রাষ্ট্রীয় ভীমসেনার সদস্য।
গত ডিসেম্বরে কফি উইথ করণ-এ হার্দিক পান্ডে নিজের যৌন জীবন ও নারীদের নিয়ে ‘অসম্মানজনক’ মন্তব্য করেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হার্দিকের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়। ওই শো-তে উপস্থিত ছিলেন লোকেশ রাহুলও। সমালোচনা হয় তারও।
আরও পড়ুন: ঝাড়ুদার পদে চাকুরীর জন্য আবেদন ইঞ্জিনিয়ার, এমবিএ-দের
যার ফলে বাধ্য হয়ে হার্দিক ও রাহুলকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। এমনকি দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয় তারকা অলরাউন্ডারকে। নিষেধাজ্ঞা জারি করা হয় রাহুলের উপরও।
বিসিসিআই জানায়, এ বিষয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই তদন্ত হবে। ইতিমধ্যেই দুই ক্রিকেটারের উপর থেকেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। নিউজিল্যান্ড সফরেই দলে ফেরানো হয়েছে হার্দিককে। এ অবস্থায় মামলা দায়েরে নতুন জটিলতা সৃষ্টি হতে পারে।
ইত্তেফাক/কেআই