ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশিদুল ইসলাম উকিল মৃধা (৪৬ ) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে দামুকদিয়া গ্রামে নিহত রাশিদুল ইসলাম উকিল মৃধার সাথে তার প্রতিপক্ষ বকুল মৃধার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চরে আসছিল। গতকাল শনিবার বিকেলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারিতে ২ জন আহত হয়। এ নিয়ে রবিবার সন্ধ্যায় শৈলকুপা থানায় একটি শালিসি বৈঠক হওয়ার কথা ছিল।
তিনি আারও জানান, বৈঠক না হওয়ায় সেখান থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রাশিদুল। পথিমধ্যে গ্রামের উত্তরপাড়ায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাশিদুল ইসলাম উকিল মৃধাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআর