বিনোদন রিপোর্ট
এবারের ঈদে বেশকিছু নাটক ও দীপ্ত টিভির চলচ্চিত্র ‘সাহসিকা’ নিয়ে দর্শদের সামনে এসেছেন অভিনেত্রী মিথিলা। মিথিলার নাটক নিয়ে বরাবরই দর্শক আগ্রহ দেখা যায়। তিনিও সেই কথা মাথায় রেখে ভিন্নধর্মী গল্পে কাজ করেন মিথিলা। এবারো তার ব্যতিক্রম হয়নি। সেই ধারাবাহিকতায় আজ রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে মিথিলা অভিনীত নাটক ‘সুখী আত্মা’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন আলোক হাসান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। নাটকটির গল্পে দেখা যাবে, অমিয় ভবঘুরে স্বভাবের ছেলে। অফিসের কাজের পাশাপাশি তার একটা অদ্ভুত শখ হচ্ছে বিভিন্ন কবরস্থানে গিয়ে মৃতদের এপিটাফ লেখা। একদিন অফিসের বস তাকে প্রস্তাব দেয় তার মেয়ের জন্য একটা এপিটাফ লিখতে হবে। অমিয় জানতে পারে বসের মেয়ে মারা যায়নি। কিন্তু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অমিয় প্রথমে লিখতে রাজি হয় না। কিন্তু ঘটনাক্রমে সে ওই মেয়ের সঙ্গে পরিচিত হয়। মেয়ের নাম মিথি। মিথির বাবা তাকে বলে, তার মেয়েটা এই বয়সে মারা যাবে এটা সে মেনে নিতে পারছে না। তাই সে চায়, মৃত্যুর আগে তার মেয়ে যেন জীবনের আনন্দগুলো উপভোগ করতে পারে। অমিয় ধীরে ধীরে জড়িয়ে যেতে থাকে মিথির জীবনের সঙ্গে। মিথির মা-বাবার সেপারেশন হয়েছে অনেক বছর আগে। মিথির অবস্থা শুনে তার মা দেশে আসে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।