১৪ জন সঙ্গীতশিল্পী নিয়ে আনজাম মাসুদ

 বিনোদন রিপোর্ট

জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ গত ঈদে নতুন ধারার একটি অনুষ্ঠান নির্মাণ করেন। অনুষ্ঠানের নাম ‘আমি কথা বলতে চাই’। এবারের ঈদে তার দ্বিতীয় পর্ব তৈরি করেছেন। বাংলাদেশ টেলিভিশনে তার গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় ‘পরিবর্তন’ ছিলো সর্বশেষ দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানে সঙ্গীতাঙ্গনের ১৪ জন গায়ক গায়িকাকে নিয়ে হাজির হচ্ছেন আনজাম মাসুদ। যথারীতি অনুষ্ঠানের নাম ‘আমি কথা বলতে চাই’। আজ রাত ১০.৩০ মিনিটে এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন আঁখি আলমগীর, দিলশাদ নাহার কনা, সুজন আরিফ, সাব্বির জামান, অপু আমান, পুলক,  কিশোর দাস, মেহরাব, লিজা, ইমরান, কর্ণিয়া, ঝিলিক, ফাতিমা তুয যাহরা ঐশী, সিঁথি। সঙ্গীতশিল্পীদের নিয়ে ঈদ বিশেষ ‘আমি কথা বলতে চাই’ পর্বটির গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন আনজাম মাসুদ। আনজাম মাসুদ বলেন, ‘আমি সাধারণত বিটিভি এবং এটিএন বাংলাতেই অনুষ্ঠান করে থাকি। সর্বশেষ বিটিভিতেই আমার একটি অনুষ্ঠানে ১২ জন সঙ্গীতশিল্পীকে নিয়ে একটি গান করিয়েছিলাম। এবার আমারই ঈদ অনুষ্ঠানে আমার আহ্বানে সাড়া দিয়ে ১৪জন সঙ্গীতশিল্পী অংশগ্রহণ করেছেন। আমার যতোটুকু জানা আছে, তাতে আমি মনেকরি এর আগে কোন অনুষ্ঠানে একসঙ্গে ১৪ জন সঙ্গীতশিল্পীকে একসঙ্গে পাওয়া যায়নি। আমার এই অনুষ্ঠানটিকে আলোকিত করার জন্য প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমার টার্গেট সম্পূর্ণ পূরণ হয়েছে। আঁখি আলমগীরের প্রতি বিশেষ ধন্যবাদ যে তিনি অনুষ্ঠানে সবার আগে উপস্থিত হয়ে আমাকে বিস্মিত করেছেন।’ উল্লেখ্য গেলো ১২ জুলাই বিএফডিসির এটিএন বাংলার স্টুডিওতে আনজাম মাসুদের বিশেষ এই অনুষ্ঠানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়। ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক তাশিক আহমেদ।