ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সোমবার সড়ক দুর্ঘটনায় তিন নারীর মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর:
কোটালীপাড়া (গোপালগঞ্জ): সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নার্গিস বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, নার্গিস বেগম বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে কাপড় বিক্রি করতেন। গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক দিয়ে ফেরি করতে যাওয়ার সময় দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার সাত মাসের মেয়ে সিদ্দিকা ও সাত বছরের মেয়ে নাফিজা। দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার হরিনগর পিটতলা সড়কে এ ঘটনা ঘটে। নিহত নারী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের সাহেদ আহমেদের স্ত্রী নাসিমা আক্তার (৪০)। তিনি দুই মেয়েকে নিয়ে অটোরিকশাযোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, নিহতের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বেলকুচিতে বালুভর্তি ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে শাহানা বেগম (৩৫) নামের এক নারী মারা গেছেন। বেলা ১১টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। শাহানা বেগম অটোভ্যানের যাত্রী ছিলেন। এই ঘটনায় আরো চার জন আহত হন। সিনিয়র পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মোহাম্মদ সিদ্দিক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।