ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশিদুল ইসলাম উকিল মৃধা (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রাশিদুল ইসলাম উকিল মৃধা ঐ গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে দামুকদিয়া গ্রামের রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধার সঙ্গে বকুল মৃধার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে শৈলকুপা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রাশিদুল ইসলাম। গ্রামের উত্তরপাড়ায় পৌঁছালে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত রাশিদুলকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।