ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ সোমবার সকাল ১১টায় নগরীর কাঁচিঝুলি মোড় এলাকার নির্মাণাধীন ভবনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব দুপুরে প্রেস বিজ্ঞতিতে জানান, এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে সোমবার থেকে ১২ দিনব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় সিটির ১৪০টি হটস্পটকে প্রাধান্য দিয়ে এডিস মশার লার্ভা ধ্বংসে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লার্ভিসাইড এবং উড়ন্ত ও পরিণত মশা ধ্বংসে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে। এছাড়া একই সঙ্গে কোনো প্রতিষ্ঠানে, নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হচ্ছে। ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। সব নাগরিককে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।