বগুড়ার শেরপুরে নার্সারি থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শেরপুরে করতোয়া নদী সংলগ্ন নার্সারির মধ্যে থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. খলিলুর রহমান (২০)। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামস্থ একটি নার্সারি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরে লাশের ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। কলেজছাত্র খলিলুর রহমান উপজেলার একই ইউনিয়নের গাড়ীদহ মধ্যপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি স্থানীয় শেরপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। এদিকে নিহতের পরিবারের দাবি, খলিলুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘাতকরা পরিকল্পিতভাবে অন্য কোথাও হত্যার পর তার লাশটি এখানে ফেলে রেখে গেছেন।