অধিকাংশ দল আয়ব্যয়ের হিসাব জমা দেয়নি ইসিতে

ইত্তেফাক রিপোর্ট

অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল এখনো বিগত পঞ্জিকা বছরের (২০২০) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি। আগামী ৩১ জুলাই হিসাব জমা দেওয়ার শেষ দিন। গত মাসে হিসাব জমা চেয়ে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে দলগুলোর সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তিন থেকে চারটি দল তাদের হিসাব জমা দিয়েছে। অন্য কোনো দল এখনো কোনো সাড়া দেয়নি। এ ছাড়া করোনার কারণেও হয়তো দেরি হচ্ছে। দলগুলো আবেদন করলে বা প্রয়োজনে কমিশন নিজ থেকেই সময় বাড়াতেও পারে। গত কয়েক বছর ধরেই আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল। সর্বশেষ ২০২০ সালে করোনার কারণে সময় বাড়ানো হয়েছে। এর আগে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলের আবেদনের পরিপ্রেক্ষিতে কখনো এক মাস, কখনো ১৫ দিন অতিরিক্ত সময় দিয়েছিল নির্বাচন কমিশন।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব রওশন আরা বলেন, গত বছর করোনার কারণে সময় বাড়ানো হয়েছিল। এবারও নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ দল অপারগ হলে সময় বাড়ানো হতে পারে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে একটি রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম দিয়ে অডিট করতে হয়। প্রতিবেদনে থাকতে হয় অডিট কোম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিলমোহর। ইসির নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হবে।

আরপিও-র ৯০-এইচ (১) (সি) ধারা অনুযায়ী নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসির। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।