ইত্তেফাক রিপোর্ট
জাতীয় প্রেসক্লাবের বিপরীত দিকে তোপখানা রোডের গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাতের খবর পায় ফায়ার সার্ভিস। কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ১১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকটি দোকান পুড়ে গেছে। এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাতের কোনো কারণ এখনো জানা যায়নি বলেও জানান ডিউটি অফিসার এরশাদ। আগুন লাগার পর মার্কেটের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়েই আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুনে কয়েকটি দোকানের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।