বিএসএমএমইউতে ৩১ জুলাই চালু হচ্ছে হাজার শয্যার ফিল্ড হাসপাতাল

বিশেষ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩১ জুলাই থেকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ১ হাজার শয্যার ফিল্ড হাসপাতাল চালু হবে। রবিবার চালু হতে যাওয়া ফিল্ড হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, ফিল্ড হাসপাতালটিতে ২০০ আইসিইউ, এইচডিইউসহ ১ হাজার শয্যা থাকছে। জাহিদ মালেক বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। ২১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে। সরকারের প্রতি মাসে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিদর্শনকালে মন্ত্রী কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপন কার্যক্রমের অগ্রগতির খোঁজ-খবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অত্র বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিত্সার জন্য কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সঙ্গে ছিলেন।