পাখির বাসা দেখাতে নিয়ে শিশু ধর্ষণের ঘটনায় মামলা

লক্ষ্মীপুরে ঘুঘু পাখির বাসা দেখাতে নিয়ে গিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার ১২দিন পর মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত ফজলে রাব্বিকে (১৮) আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত রাব্বি সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের ছিলাদী গ্রামের সাইফুল ইসলাম হারুনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি দুপুরে কুশাখালী ইউনিয়নের একটি মাদ্রাসার শিশু শ্রেণির (প্রাক প্রাথমিক) ওই ছাত্রীকে ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নিয়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় রাব্বি। পরে ওই গ্রামের রফিক মেম্বারের বাড়ির পার্শ্ববর্তী একটি কালভার্টের নিচে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত। একপর্যায়ে শিশুটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা শিশুটিকে ঘটনাস্থল দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন: একটি মাত্র পা, তা দিয়েই পরীক্ষা দিচ্ছে তামান্না

নির্যাতিত শিশুর বাবা জানান, ‘ধর্ষণকারীর নামে থানায় মামলা করা হয়েছে। এখন তিনি ওই ঘটনার সুষ্ঠু বিচার চান।’

কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, ‘পাখির বাসা দেখানোর কথা বলে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

দাসেরহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মফিজ উদ্দিন বলেন, ‘রাব্বিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/বিএএফ