বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার করোনায় ২৮ হাজার কোটি টাকার যে প্রণোদনা দিয়েছে, তার ৮৬ শতাংশ ভুয়া। অর্থাত্ তারা সেখানেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম দিয়েছে, যাতে তারা সেই টাকা নিয়ে নিতে পারে। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার এক ভার্চুয়াল আলোচনাসভায় মির্জা ফখরুল ইসলাম এ অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের ‘অপরিকল্পিত লকডাউনে’ জনজীবন বিপন্ন। আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম প্রান্তিক মানুষকে যেন তিন মাসের জন্য অর্থাত্ লকডাউন চলাকালীন এককালীন ১৫ হাজার টাকা অনুদান হিসেবে দেওয়া হয়। তারা কোনো কথাই শোনেনি। ভয়াবহ বৈশ্বিক মহামারি করোনাকালে এই সরকার পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তাদের উদাসীনতা, অযোগ্যতা ও দুর্নীতি দেশ, দেশের মানুষের জীবন ও জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। তিনি বলেন, হাসপাতালগুলোতে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ নেই এবং ওষুধ নেই। তাই করোনা হলে চিকিত্সা পাওয়ার কোনো উপায় নেই।
মির্জা ফখরুল বলেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না তবু পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে, হয়রানি ও গ্রেফতার করছে। আমলারা এখন সবকিছু দখল করে নিয়েছে। আমলা এবং কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তির যোগসাজশে সরকার ক্ষমতায় টিকে আছে।