গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার চিন্তা-ভাবনা এখনো নেই

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, গার্মেন্টস ও রপ্তানিমুখী কলকারখানাগুলো বন্ধ রেখেছি, লাখ লাখ শ্রমিক আসা-যাওয়া করত, সেগুলো কমেছে। এগুলো ছাড়াও আরো বিভিন্ন কারণ আছে, যে কারণে মানুষ বাইরে আসছে। অযৌক্তিক কারণে কেউ বের হলে কিন্তু আইনের সম্মুখীন হতে হচ্ছে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে দেশে তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার বিষয়ে কোনো চিন্তাভাবনা এখন পর্যন্ত সরকারের নেই। কোনো মালিক আসলেই কারখানা খুলেছেন কি না, তা পর্যবেক্ষণ করছি। জানার চেষ্টা করছি কারা খুলছে? যদি কেউ খুলে থাকেন, যদি প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই। করোনা যেভাবে ছড়িয়ে গেছে, সে বিষয় নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে।