আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে আমেরিকা বিমান হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তা। কাবুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এ কথা বলেছেন। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, দেশটিতে তালেবানের গতি রোধ করাই এখন গুরুত্বপূর্ণ কাজ। অন্য দিকে সীমান্ত এলাকা তালেবান দখলে নেওয়ায় আফগান সৈন্যরা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। খবর ডয়চেভেলে ও ডনের
আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা দেশে ফিরে যাবে। কিন্তু এর আগে আফগান বাহিনীর সমর্থনে এবং তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে আমেরিকা। কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতেও বিমান হামলা অব্যাহত থাকবে। তবে আগাস্টের পরও বিমান হামলা হবে কি না, তা তিনি জানাননি। আমেরিকা ও ন্যাটো বাহিনী যখন আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে তখন তালেবান একের পর এক এলাকা দখল করে নিচ্ছে। তাদের সঙ্গে এঁটে উঠতে পারছে না আফগান সেনা। সম্প্রতি তালেবান আরো সক্রিয় হয়েছে। তারা গ্রামের দিকের এলাকা দখল করে এবার আঞ্চলিক রাজধানীগুলো ঘিরে ফেলেছে। পাকিস্তানে ৪৬ আফগান সেনা আশ্রয় চেয়েছে। চিত্রাল সীমান্ত দিয়ে তারা পাকিস্তানে প্রবেশ করে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৪৬ আফগান সৈন্যের আবেদন গ্রহণ করে আশ্রয় দিয়েছেন।
আমেরিকা কী বলছে
মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি একটি প্রশ্ন এড়িয়ে গেছেন। সেটা হলো, ৩১ আগস্টের পরেও কি আমেরিকা এই বিমান হামলা চালাবে? তিনি শুধু বলেছেন, আমেরিকা আফগান সেনাকে সমর্থন জানিয়ে যাবে। সেই সমর্থন সাধারণভাবে আকাশপথেই হবে। ম্যাকেঞ্জি বলেছেন, গত কয়েক দিন ধরে তালেবানের বিরুদ্ধে আমেরিকার বিমান হামল চলছে। যদি তালেবান আক্রমণ চালিয়ে যায় তাহলে আগামী সপ্তাহগুলোতে তা আরো বাড়ানোর জন্য আমরা প্রস্তুত। ম্যাকেঞ্জি জানিয়েছেন, আগামী দিন ও সপ্তাহগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মতে, আমি মনে করি না, এটা একটা সহজ রাস্তা। কিন্তু আমি এটাও মনে করি না যে, আফগানিস্তানে গৃহযুদ্ধ হবে।