রেলের বহুমুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে: রেলমন্ত্রী

বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশের নিরাপদ এবং অল্প খরচের বাহন রেল। রেলসেবাকে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ইতিমধ্যে বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও রেলস্টেশন পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী সুজন বলেন, জনগণ চাওয়ার আগেই এ সরকার কাজ করে।উন্নত দেশের চাইতে আমাদের রেলওয়ে এখনো পিছিয়ে আছে। আমরা রেলওয়েকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছি। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ১০টি একনেকের প্রকল্পের মধ্যে ২টি প্রকল্প হলো রেল মন্ত্রণালয়ের। এর একটি হলো চট্টগ্রাম হয়ে কক্সবাজার রেল সংযোগ এবং আরেকটি হলো পদ্মা সেতুর উপরে রেল যোগাযোগ স্থাপন করে যশোরসহ দক্ষিণ অঞ্চলকে রেলের আয়ত্তে আনা। 

আরো পড়ুন: দুই রণবীরই আমার পছন্দের

এ সময় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম খন্দকার শহীদুল ইসলাম, সরকারি বিভিন্ন কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/অনি