খুলনায় চার হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

খুলনার চারটি হাসপাতালে  করোনা ও উপসর্গে আরও ১ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্তে ৩জন ও উপসর্গে দু’জনসহ পাঁচজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তবে, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে গতকাল সোমবার খুলনার পাঁচটি হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দু’জন উপসর্গে মারা গেছে। করোনায় মৃতরা হলেন- খুলনা মহানগরীর হরিণটানা এলাকার মরিয়ম (২১), মিয়াপাড়া এলাকার এমডি শরীফ (৭০) ও দিঘলিয়া উপজেলার পশুপতি দে (৬৪)। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। এরমধ্যে রেড জোনে ৪২ জন, ইয়োলো জোনে ৪৭ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন ও আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর লবণচরা এলাকার কাকলী (৪০), ডুমুরিয়া উপজেলার মরিয়ম (৭০) ও বাগেরহাট মোরেলগঞ্জের আব্দুর রশিদ হাওলাদার (৮৫)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। এরমধ্যে ১৫ জন পুরুষ ও ২০ জন মহিলা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।


গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর ৭১ সাউথ খালিশপুরের হালদারপাড়ার আয়েশা হোসেন (৭১) ও যশোরের অভয়নগর উপজেলার সুন্দলীর হরিশপুর এলাকার তন্বী সরকার (১৮)। বর্তমানে বেসরকারি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- নগরীর নূরনগর এলাকার রওশন আরা বেগম (৭৮)। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চারজন রোগী ভর্তি হয়েছে ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

এদিকে, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে এই হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৭ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

উল্লেখ্য, গতকাল সোমবার খুমেক আরটি-পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৮৮জন, বাগেরহাটের ১২জন, সাতক্ষীরার ১জন, যশোরের ৩জন ও নড়াইলের ২ জনের করোনা শনাক্ত হয়।

ইত্তেফাক/এমআর