মো. শহিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক
পারুলিয়া তফশিলী হাইস্কুল এন্ড কলেজ
লালমনিরহাট
কীভাবে একটা অ্যাসাইনমেন্ট শুরু করবে?
প্রয়োজনীয় সামগ্রী
১। একটি স্কেল
২। একটি পেন্সিল
৩। একটি কালো বলপয়েন্ট কলম
৪। A4 সাইজের কিছু কাগজ নাও
লেখার নিয়ম:
১। A4 সাইজের কাগজের একপাশে লিখবে (কোনোক্রমেই উভয় পাশে লিখবে না)
২। স্পষ্ট করে লেখার চেষ্টা করবে
৩। লেখার ভিতরে কাটা-কাটি না হয় সেদিকে খেয়াল রাখবে
৪। প্রশ্নের সিরিয়াল (১,২,৩...../ক, খ, গ.....) ঠিক রেখে লিখবে
কাভার পেইজ কীভাবে পুরণ করবে
কাভার পেইজে তিনটা অংশ আছে
১। প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে
২। দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে
৩। তৃতীয় অংশ প্রতিষ্ঠান পূরণ করবে
মনে রাখতে হবে কাভার পেইজ এর তিনটা অংশই ইংরেজিতে পূরণ করতে হবে।
অ্যাসাইনমেন্টের যে অংশ শিক্ষার্থীগণ পূরণ করবে তার প্রথমেই আছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: তুমি যে অ্যাসাইনমেন্টটি তৈরি করবে, সেই বিষয়ের প্রথম ঘরেই ক্রমিক নম্বর দেওয়া আছে। ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ প্রশ্নে দেখো এর প্রথম ঘরেই অ্যাসাইনমেন্ট নম্বর ১ লেখা আছে । তাহলে তুমি ক্রমিক নম্বরে লিখবে,
১। কারণ তুমি ১ নম্বর শুরু করছো। যদি ২ হয়, তাহলে লিখবে ২। (এটা ইংরেজিতেই লিখবে)
শিরোনাম
তুমি যদি ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ শুরু করো, তাহলে শিরোনাম পয়েন্টে লেখা আছে, ‘ইতিহাস পরিচিতি’। কাজেই তোমার শিরোনামে এই লেখাটি লিখতে হবে।
বিষয় কোড ও বিষয়ের নাম
এটা তোমার অ্যাসাইনমেন্টে এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে। ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ হলে লিখবে বিষয় কোড ‘১৫৩’। (এটা ইংরেজিতেই লিখবে)
বিষয়ের নাম:‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’
শিক্ষাবোর্ডের নাম:এখানে শুধু জেলার নাম লিখবে না । যেমন (ঢাকা / যশোর / রাজশাহী)। বরং তুমি লিখবে (Cumilla Board/ Dhaka Board/ Jashore Board / Rajsahi Board) (এটা ইংরেজিতেই লিখবে)
** রেজিস্ট্রেশন নম্বর: এটা তোমার এসএসসি এর রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে খুব সতর্কতার সহিত লিখবে যেনো কোনো প্রকার ভুল না হয়। তোমার জেএসসি রেজিস্ট্রেশন দেখে লিখলেও হবে কারণ জেএসসি এবং এসএসসি একই রেজিস্ট্রেশন নম্বর। (এটা ইংরেজিতেই লিখবে)
শিক্ষার্থীর নাম:তোমার রেজিস্ট্রেশন কার্ড দেখে তোমার নাম লিখবে রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে তোমার নামের বানান লেখা আছে ঠিক সেভাবে লিখবে । (এটা ইংরেজিতেই লিখবে)
পিতার নাম: তোমার রেজিস্ট্রেশন কার্ড দেখে তোমার পিতার নাম লিখবে রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সেভাবে লিখবে । (এটা ইংরেজিতেই লিখবে)
মাতার নাম: তোমার রেজিস্ট্রেশন কার্ড দেখে তোমার মাতার নাম লিখবে রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সেভাবে লিখবে । (এটা ইংরেজিতেই লিখবে)
কাভার পেইজে তোমার কাজ শেষ। আর কোথাও তোমার হাত দেওয়ার প্রয়োজন নাই!
কীভাবে অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবো:এবার এসো A4 সাইজ পেইজ নিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে ফেলি। কালো বলপয়েন্ট কলম দিয়ে লেখা শুরু করি। ‘অ্যাসাইনমেন্ট -০১’ লিখে নিচে প্রথমে ‘ক’ শেষ করে তারপর ‘খ’ তারপর ‘গ’ ধারাবাহিকভাবে আমরা পেইজের একপাশেই লিখি। অন্য পাশে খালি রাখি ( প্রয়োজনে ২ পাশেই লিখি)। একটা দাগ বা পেইজের পাশে কোনো ফুল বা পাপড়ি আঁঁকার প্রয়োজন নাই ।
অ্যাসাইনমেন্টে উত্তর লেখার ক্ষেত্রে কালো বলপয়েন্ট ছাড়া অন্য কোনো কালারিং পেন ব্যবহার না করাই ভালো।
লেখা শেষ হলে পূরণ করা কাভার পেইজের সাথে এই লেখাগুলো পিনআপ করে নাও। তোমার একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেলো। এভাবে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করো।