নেত্রকোনা সদর হাসপাতালের সামনের সড়ক বেহাল

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের প্রবেশমুখের সড়কটি সার্বক্ষণিক পানিতে তলিয়ে থাকে। এতে রোগীদের আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এস এম মাহবুবুর রহমান বলেন, হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ১২তলা ভবনের নির্মাণকাজ চলছে। প্রথম পর্যায়ে ছয় তলা ভবন নির্মিত হওয়ায় হাসপাতালের মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তাই মেডিক্যাল কলেজের গেট দিয়ে রোগীদের হাসপাতালে আসতে হচ্ছে। এছাড়া সড়কটি নিচু হওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। আর এ কারণেই লোকজনের যাতায়াতে সমস্যা হচ্ছে। তিনি সড়কটি দ্রুত উঁচু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানান।