খাগড়াছড়িতে ১৪ জুয়াড়িকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৮টার দিকে জেলা শহরের কলাবাগান এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আটককৃত ১৪ জুয়াড়ির প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দ করা হয় ১৩০টি তাসের প্যাকেট ও নগদ সাড়ে ৩৮ হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী, মো. এরফান উদ্দীন ও মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় জুয়ার

আসর থেকে আটক ১০

নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় ক্ষুদ্র সিধলী গ্র্রাম থেকে তাদের আটক করা হয়।

নেত্রকোনা ডিবির ওসি এ টি এম মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা হায়দার আলী খানসহ ১০ জনকে আটক করে। এ সময় নগদ ১৭ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মামলা দিয়ে আটকদের আদালতে পাঠানো হয়েছে।