শিবগঞ্জে বাল্যবিবাহর দায়ে বরের কারাদণ্ড

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে বাল্যবিবাহর দায়ে বরকে তিন মাসের কারাদণ্ড ও ইমামকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনাকালে বাল্যবিবাহ পড়ানো হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কানসাট শিবনারায়ণপুর সলেমান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঐ এলাকার আবদুল খালেকের ছেলে বর মেরাজুল ইসলাম (২৭) ও শিবনারায়ণপুর রাঘবপুর গ্রামের ইমাম সাদিকুল ইসলামকে (৫৫) ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বরকে তিন মাসের কারাদণ্ড ও ইমামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে এসএসসি পরীক্ষার্থী কনের বাবাকে মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।