ব্রাহ্মণবাড়িয়ায় কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত মৃত ঐ কয়েদির নাম আমির উদ্দিন (৮৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০২০ সাল থেকে আমির উদ্দিন কারাগারে ছিলেন।

আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া জানান, সকালে কারাগার থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবা মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, আমির উদ্দিন একটি হত্যা মামলায় যাবজ্জীবন ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। সোমবার রাতে তার বুক ব্যথা শুরু হলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।