মোংলায় ৭৩ সুন্ধি কচ্ছপ জব্দ

বিক্রেতাকে জরিমানা

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

মোংলায় ৭৩টি সুন্ধি কচ্ছপ জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার সন্ধ্যা ৬টার দিকে মোংলার দিগরাজ শিল্প এলাকা সংলগ্ন আপাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তায় থাকা ৭৩টি সুন্ধি কচ্ছপসহ বিক্রেতাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার নারকেলবাড়ী গ্রামের মনোজ রায়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) স্টাফ অফিসার (অপারেশন) লে. এম মামুনুর রহমান জানান, জব্দকৃত ৭৩টি কচ্ছপের ওজন প্রায় ৭৮ কেজি। কচ্ছপগুলো ২৫ হাজার টাকায় কিনে মোংলার দিগরাজে বিক্রির জন্য এসেছিলেন মনোজ রায়। পরবর্তী সময়ে কচ্ছপগুলো খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের মত্স্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রাতেই কচ্ছপসহ আটক মনোজ রায়কে ২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।

বিলুপ্ত প্রায় মিঠা পানির প্রজাতির এ সুন্ধি কচ্ছপ মঙ্গলবার বাগেরহাটের হযরত খান জাহান আলীর (র.) দিঘিতে ছাড়া হবে বলে জানিয়েছেন মত্স্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী।