ম্যাচ স্থগিত
স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কা-ভারত টি-২০ সিরিজে হানা দিয়েছে করোনাভাইরাস। ভারতীয় ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। ভারতের এ স্পিনিং অলরাউন্ডারের করোনা পজিটিভ রিপোর্ট আসায় গতকাল শ্রীলঙ্কা-ভারত সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ স্থগিত হয়ে গেছে। ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে এই দুঃসংবাদ আসে। গতকাল বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে। কলম্বোর প্রেমাদাসায় গতকাল রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। করোনার ধাক্কায় একদিন পিছিয়ে দেয়া হয়েছে ম্যাচ। সবার আবারও পরীক্ষা করা হচ্ছে। সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসলে আজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ হবে আগামীকাল। মানে পরপর দুইদিন ম্যাচ খেলতে হবে ভারত, শ্রীলঙ্কাকে।
গত সোমবার করোনা পরীক্ষার নমুনা নেয়া হয় দুই দলের সবার। গতকাল সকালে আসে পিসিআর টেস্টের রিপোর্ট। ক্রুনাল পান্ডিয়ার সংস্পর্শে আসা আট ভারতীয় ক্রিকেটারকে আইসোলেশনে নেয়া হয়েছে। শ্রীলঙ্কা দলের কারোই অবশ্য করোনা ধরা পড়েনি। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা।