সুরক্ষা বলয়ে করোনার হানা

অস্ট্রেলিয়া সিরিজ

স্পোর্টস রিপোর্টার

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরকারীদের শর্ত অনুযায়ী এ সিরিজে কঠোরভাবে জৈব সুরক্ষা বলয় মানা হবে। অস্ট্রেলিয়া আসার আগে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সিরিজ সংশ্লিষ্টদের। ইতোমধ্যে দুই দল ছাড়াই সিরিজে সম্পৃক্ত প্রায় ১৫০ জনকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রেখেছে বিসিবি। যেখানে ম্যাচ অফিসিয়াল, টিভি ক্রু, মেডিক্যাল টিম, বল বয়রা রয়েছেন। গত ২০ জুলাই থেকে তারা হোটেলে রয়েছেন। ঈদুল আজহাও সেখানেই রুম বন্দি থেকে পালন করতে হয়েছে তাদের।

অস্ট্রেলিয়ার শর্তের কারণে মুশফিকুর রহিম সিরিজটাই খেলতে পারছেন না। নির্ধারিত সময়ে বলয়ে প্রবেশ করেননি তিনি। এত কড়া নিয়মের মধ্যেও সুরক্ষা বলয়ে করোনা ভাইরাস হানা দিয়েছে। আম্পায়ার্স লিয়াজোঁ অফিসার সাইফুল ইসলাম জুয়েল করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম দুই বার নেগেটিভ রিপোর্ট পেলেও তৃতীয় পিসিআর টেস্টে পজিটিভ হন তিনি। করোনা ধরা পড়ায় সঙ্গে সঙ্গেই গত শনিবার হোটেল ছেড়ে যেতে হয়েছে তাকে।

বিসিবি সূত্র গতকাল বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার জায়গায় নতুন কাউকে নেওয়ার সুযোগও নেই। বলয়ে থাকা কাউকেই নতুন করে দায়িত্ব দিতে হবে। বিসিবির মেডিক্যাল বিভাগের সূত্র জানায়, পর্যাপ্ত লোকবল সুরক্ষা বলয়ে রয়েছে। যারই পজিটিভ আসবে, হোটেল ছেড়ে যেতে হবে। আমাদের কাজে সমস্যা হচ্ছে না। কাজ চালিয়ে নেওয়ার মতো লোক রয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে মোট ৯ বার করোনা পরীক্ষা দিতে হবে সবাইকে। ইতোমধ্যে হোটেলে থাকা সবাই ছয় দিনে তিন বার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতায় মুশফিককে এ সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। হাঁটুর ইনজুরির কারণে তামিম ইকবালও খেলবেন না হোম সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে সর্বশেষ ছিটকে পড়েছেন লিটন দাস। হাতের ইনজুরিতে ২ ম্যাচে অনিশ্চিত থাকা লিটন পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে এসেছেন আগে।

উল্লেখ্য, আগামীকাল ঢাকায় এসে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল সুরক্ষা বলয়ে প্রবেশ করবে।