আইভীর বাসায় সান্ত্বনা দিতে শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর মা ও নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান নগরপিতাখ্যাত আলী আহাম্মদ চুনকার স্ত্রী মমতাজ বেগমের মৃত্যুতে তার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় আইভীকে সান্ত্বনা দিয়ে সেখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন শামীম ওসমান। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে মেয়র আইভীর দেওভোগস্থ চুনকা কুটিরে যান শামীম ওসমান। এর আগে শামীম ওসমান মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থানে মেয়র আইভীর মাতা মমতাজ বেগমের কবর জিয়ারত ও দোয়া করেন। মেয়র আইভীর বাড়িতে প্রবেশ করেই বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার দুই ছেলে আহমেদ আলী রেজা উজ্জ্বল ও আলী রেজা রিপনকে সান্ত্বনা দেন। তাদেরকে এই শোক সহ্য করার ধৈর্য যেন আল্লাহ দেন সেজন্য দোয়া করেন তিনি। আইভীর পাশে বসে শামীম ওসমান বলেন, চাচি খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আমাদের এখন তার জন্য দোয়া করতে হবে আর এমনভাবে চলতে হবে যেন তার আত্মা শান্তি পায়। এ সময় আইভী বলেন, আগামী শনিবার বাদ আসর দোয়া ও মিলাদ। আমাদের মসজিদে আপনারা আসবেন।