ভালোবাসার নতুন জুটি

ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামীকাল শুক্রবার সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘আমার প্রেম, আমার প্রিয়া’ চলচ্চিত্রটি। শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় এই ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আরজু ও পরীমনি। ভালোবাসার নতুন জুটির এই ছবির খবর জানাচ্ছেন অজেয় চৌধুরী

বেশ কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যায় ‘আমার প্রেম, আমার প্রিয়া’ চলচ্চিত্রটি। কিন্তু এবার আর পেছানোর সুযোগ নেই। ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পাচ্ছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক। আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য ও সংলাপে গ্রামীণ গল্পের এই ছবিতে ভালোবাসার নতুন এই জুটিকে ভিন্ন রূপে আবিষ্কার করবেন দর্শকরা। এই চলচ্চিত্র প্রসঙ্গে চিত্রনায়ক আরজু বলেন, ‘এখানে আমি মানিক চরিত্রে অভিনয় করেছি। যে পড়ালেখা শেষ করে বেকার। তবে গ্রামের গরিব মানুষের উপকার করে বেড়ায়। স্থানীয় চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মে বাধা দেওয়ায় নানা ঘটনা ঘটে। আর তার প্রেম গড়ে ওঠে চেয়ারম্যানের মেয়ের সঙ্গে। সব মিলিয়ে গল্প ও আমার চরিত্রটি বেশ মজার। এরকম চরিত্রে অভিনয় করে আমি আনন্দিত। পরীমনি অনেক প্রাণবন্ত অভিনয় করে। এই ছবিটি একদমই নতুন আঙ্গিকে নির্মিত হয়েছে। মনে হয় আপনাদের কাছেও তাই মনে হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল।’ অন্যদিকে পরীমনি বলেন, ‘যারা ‘স্বপ্নজাল’ রিলিজের পর দীর্ঘ একটা সময় ধরে অপেক্ষায় ছিলেন আমার নতুন ছবির জন্য, তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই ছবিতে আমি জান্নাত চরিত্রে অভিনয় করেছি। আমার বাবা এলাকার চেয়ারম্যান। গ্রামের যুবক মানিকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। একসময় আমাদের বিয়ে হয়। আরজু ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম ছবি। তিনি খুবই সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। আমাদের এই কাজটি দর্শকের ভালো লাগবে।’ ছবিটি নিয়ে পরিচালক শামীম বলেন, ‘গল্পই এই ছবির প্রাণ। সারা ছবিটিতে দর্শক বিনোদন খুঁজে পাবেন। সেই সঙ্গে পাবেন হাসি আনন্দ। কিন্তু কোনো ভাঁড়ামি পাবেন না। আশা করি ছবিটি দর্শকদের পছন্দ হবে।’ মুক্তি উপলক্ষে হল বুকিংও শুরু হয়েছে বলে জানান পরিচালক। ইতোমধ্যে দেশের বড় বড় ৩০টি হল বুকিং নিশ্চিত হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকার মধুমিতা, বলাকা, শ্যামলী সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, পুনম, এশিয়া, চিত্রমহল,চম্পাকলি, বর্ষা,আনন্দ, সৈনিক ক্লাব ও রাজমণি, অন্যদিকে ঢাকার বাইরে যশোহরের মনিহার, খুলনার লিবার্টি ও সঙ্গীতা, চট্টগ্রামের আলমাস ও সিলভার স্ক্রিনসহ মোট ৩০টি। হল সংখ্যা  বেড়ে ৫০টি হতে পারে। এখন দেখার বিষয়—দর্শক ভালোবাসার এই নতুন জুটিকে কীভাবে গ্রহণ করে, আমরা সেই অপেক্ষায় থাকলাম।