রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার ব্যবসায়ী শাহাদাত্ মোল্লার বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল মঙ্গলবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১০/১২ সদস্যের এক দল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে রঙিন টেলিভিশন, মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও ব্যাংকের চেক বইসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। একপর্যায়ে তাদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় গৃহকর্তা শাহাদাত্ মোল্লার পিতা শহিদ মোল্লা, মা রত্না বেগম ও স্ত্রী রেশমা শারমীন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী শাহাদাত্ মোল্লা চার জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন। আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।