এলাকায় আতঙ্ক কাটেনি, সংস্কার চলছে

মির্জাপুরে তিতাস গ্যাসলাইনে পাইপ ফেটে এখনো বের হচ্ছে গ্যাস

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

দৈনিক ইত্তেফাকে ‘মির্জাপুরের গোড়াইতে তিতাসের সরবরাহ লাইনের পাইপ ফেটে বেরুচ্ছে গ্যাস, দুর্ঘটনার আতঙ্কে এলাকাবাসী’ শীর্ষক রিপোর্ট গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) প্রকাশের পর নড়েচড়ে বসেছে তিতাস কর্তৃপক্ষ। তিতাসের টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা অফিস থেকে কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শনে এসে লাইনের পাইপ ফেটে যাওয়া বিভিন্ন অংশে মেরামতের কাজ শুরু করেছেন। কর্মকর্তাগণ জানিয়েছেন, লাইন পুরোপুরি সচল হতে কয়েক দিন সময় লাগবে। তবে তারা দ্রুতগতিতে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার গোড়াই এলাকায় গিয়ে দেখা গেছে, তিতাসের কর্মচারীগণ কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বৃষ্টির মধ্যেও কাজ করে যাচ্ছেন।

গোড়াই শিল্পাঞ্চলের একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যস্ততম মহাসড়ক। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর মহাসড়কের গুরুত্ব অনেক বেড়ে যায়। উত্তরাঞ্চলের বিভিন্ন রোডের যানবাহন চলাচল করে আসছে। পাঁচ বছর আগে গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ফোর লাইন উন্নীতকরণের কাজ শুরু হয়। মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লাইন নেওয়া হলে মহাসড়ক ফোর লাইন কাজের সময় গ্যাসলাইনের কয়েকটি স্থানে পাইপ ফেটে ক্ষতিগ্রস্ত হয়। এতে করে গোড়াই থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকায় অবিরত গ্যাস বের হচ্ছে। ফলে এলাকায় বিরাজ করছে আতঙ্ক। মহাসড়কের ওপর হাটবাজার, ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গ্যাস বের হওয়ায় মানবদেহের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি সরকারের বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে। আগুন লেগে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যাডেট কলেজ এলাকার বাসিন্দা ব্যবসায়ী শামীম দেওয়ান বলেন, গোড়াই মূলত একটি শিল্পাঞ্চল। দীর্ঘদিন ধরেই সেখানে গ্যাসের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। বিষয়টি দেখেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। গ্যাসের লাইন ফেটে গ্যাস বের হওয়ায় নিরাপত্তাহীনতার মধ্যে হাজার হাজার শ্রমিক চলাচল করেছেন। যে কোনো সময় গ্যাস থেকে আগুন লেগে বড় ধরনের প্রাণহানির ঘটনার আশঙ্কা রয়েছে।

 এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেডের টাঙ্গাইল জোনাল অফিসের ম্যানেজার মো. আব্দুর রউফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোড়াইয়ে পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীগণ গ্যাসলাইনের পাইপ মেরামতের কাজ শুরু করেছেন। পুরো লাইনের কাজ শেষ করতে একটু সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।