নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চার জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি গ্রামে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি, লুট করা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ প্রমুখ।

গত ১৬ জুলাই রাতে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় জানালার গ্রিল কেটে দোতলা একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় ডাকাতিতে বাধা দেওয়ায় গৃহকর্তা মোবারক হায়াতের ছেলে ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফকে (৩২) ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা। এ ঘটনায় মোবারক হায়াত সদর মডেল থানায় মামলা করেন। গ্রেফতারকৃতরা হলো—রায়পুরা উপজেলার বটতলি এলাকার মৃত সিদ্দিকের ছেলে শেখ ফরিদ, একই উপজেলার বাহেরচর এলাকার আব্দুর রহমানের ছেলে রাজা মিয়া, চর আড়ালিয়ার রাজা মিয়ার ছেলে আল-আমিন এবং রাজনগর এলাকার রহিম উদ্দিনের ছেলে দুলাল মিয়া।

ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২২ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মরিচাঘাট এলাকা থেকে রায়পুরা উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয় ডাকাতি ও হত্যায় জড়িত আরো তিন জনকে।

গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে।