চট্টগ্রামের সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১২৫ জন সংস্কৃতিকর্মীর বিবৃতি

ইত্তেফাক রিপোর্ট

দেশের ১২৫ জন বিশিষ্ট সংস্কৃতিকর্মী এক যৌথ বিবৃতিতে প্রাচ্যের ভেনিস খ্যাত কয়েক শতাধিক প্রজাতির বৃক্ষরাজি ও জীববৈচিত্র্যের অভয়ারণ্য অনিন্দ্য সুন্দর চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি এলাকায় হাসপাতাল ও মেডিক্যাল কলেজ নির্মাণের সংবাদে বিস্ময় প্রকাশ করে অবিলম্বে এ ধরনের পরিকল্পনা বাতিল করে অন্য কোনো স্থানে হাসপাতাল নির্মাণের দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, এখানে ১৮৯৫ সালে আসাম-বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর স্থাপন করা হয়। ব্রিটিশবিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের অন্যতম সূতিকাগার ছিল এই সিআরবি পাহাড়তলী এলাকা। ১৯৭১-এর মার্চ মাসে এখানেই তত্কালীন ইপিআর সদস্যদের নিয়ে মেজর রফিক মুক্তিযুদ্ধের পক্ষে প্রথম গোপন ঘাঁটি গেড়েছিলেন। প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের স্থানেই রয়েছে একাত্তরের শহিদ চাকসুর প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক শহিদ আবদুর রবের সমাধি। চট্টগ্রামের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র, নৈসর্গিক সৌন্দর্যের আধার এই নয়নাভিরাম অঞ্চল হলো নগরবাসীর অক্সিজেন গ্রহণের অফুরন্ত উত্স। বিবৃতিতে সার্বিক বিষয় বিবেচনা করে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি এবং জনস্বার্থে সিআরবি এলাকা বাদ দিয়ে চট্টগ্রাম শহরের অন্যত্র সুবিধাজনক স্থানে প্রস্তাবিত হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ নির্মাণের দাবি জানাচ্ছি।

বিবৃতিদাতাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্বরা হচ্ছেন—রামেন্দু মজুমদার, আবেদ খান, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিরুদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুছ, কেরামত মাওলা, আশরাফুল আলম, মিলন কান্তি দে, ঝুনা চৌধুরী, হাসান আরিফ প্রমুখ।