পুলিশের হস্তক্ষেপে শ্বশুরবাড়িতে গেলেন গৃহবধূ

বিশেষ প্রতিনিধি

শ্বশুড়বাড়ির লোকজনের নির্যাতনের মুখে বাধ্য হয়ে নিজ মায়ের কাছে চলে আসেন চট্টগ্রামের পটিয়া থানা এলাকার এক গৃহবধূ। পরে আবারও সন্তানকে নিয়ে স্বামীর কাছে সম্মানজনক সংসার জীবন চান তিনি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সর্বশেষ কোনো উপায় না পেয়ে নির্যাতিত ঐ গৃহবধূ বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাঠান। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে সসম্মানে শ্বশুরবাড়ি যান ঐ গৃহবধূ। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে তার স্বামী ও সন্তানকে নিয়ে সুখী জীবনযাপন করছেন। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা। তিনি বলেন, ঐ গৃহবধূর স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বিয়ের পর কিছুদিন ভালো গেলেও, ধীরে ধীরে শুরু হয় তার ওপর নির্যাতন।