কুমিল্লায় ঘর থেকে ব্যবসায়ীসহ দুই জনের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা মজুমদার বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শরীফুল ইসলাম নামে (২৮) এক ব্যবসায়ীর লাশ ও তার কর্মচারী ফয়েজ আহমেদের (২৪) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে লালমাই থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল, লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব এবং পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দুটি লাশ দেখার জন্য শত শত নারী-পুরুষ ঐ বাড়িতে ভিড় জমায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা মজুমদার বাড়ির হাসানুজ্জামানের ছেলে শরীফুল ইসলাম কয়েক বছর ধরে নিজ বাড়ির সামনে মুদি দোকানের ব্যবসার পাশাপাশি গরুর ফার্ম পরিচালনা করে আসছিলেন। তার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন একই গ্রামের আবুল হাসেমের ছেলে ফয়েজ আহমেদ। গত সোমবার দিবাগত রাতে ব্যবসায়ী শরীফ দোকান বন্ধ করে কর্মচারী ফয়েজকে সঙ্গে নিয়ে বাড়িতে নিজের কক্ষে ঘুমাতে যান। এদিন শরীফের বাবা-মা তার বোনের বাড়িতে ছিলেন। নিহত শরীফের বাবা হাসানুজ্জামান জানান, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে শরীফকে ডাকাডাকি করলেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শরীফের মরদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং কর্মচারী ফয়েজের মরদেহ খাটের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল জানান, ‘ব্যবসায়ী শরীফুল ইসলামের বাবা নিজেই ঘরের দরজা ভেঙে তার ছেলে ও কর্মচারীর লাশ দেখতে পান। ফয়েজের শরীরে রক্তাক্ত জখম রয়েছে। তবে কি কারণে এবং কেন এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডির টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ এবং তদন্ত কাজ শুরু করেছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’