খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্রের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে সড়কের পাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আরোহী নুরুল আমীন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কে বিজিবি সীমান্ত ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমীন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের কালারার চর গ্রামের হাজি গৌছ আলীর ছেলে। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসাছাত্র নুরুল আমিন হিরো এসপ্লেন্ডার মোটরসাইকেল চালিয়ে আসার সময় ব্রিজসংলগ্ন বাঁক এলাকায় আকস্মিকভাবে পাকা খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাকবলিত হলে স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা তাকে মোটরসাইকেল চালাতে দেওয়া ঠিক হয়নি। সাইকেল চালাতে গিয়ে নিযন্ত্রণ হারিয়ে ছেলেটির মৃত্যু হয়।