এক যুগ আগের আর আজকের বাংলাদেশ এক নয় :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকের বাংলাদেশ আর এক যুগের আগের বাংলাদেশ এক নয়। আমরা এখন নতুন বাংলাদেশের বাসিন্দা, বদলে যাওয়া বাংলাদেশ এখন পারমাণবিক ও স্যাটেলাইট বিশ্বের সদস্য। আর এসব লক্ষ্য অর্জনের প্রভাবক হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। প্রযুক্তির বদলে যাওয়া হাওয়া যে জাতি ধরতে পেরেছে তারাই এগিয়েছে টেকসই উন্নয়নের গতিময় পথনকশা ধরে। আর এখানেই দক্ষতার প্রমাণ দিয়েছেন ভবিষ্যত্ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়, যিনি ডিজিটাল বিশ্বে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন ‘রোয়ারিং টাইগার’ হিসেবে।

গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান ডিজিটাল প্রযুক্তি :পথিকৃত্ মুজিব হতে সজীব’ শীর্ষক ওয়েবিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর।

ওবায়দুল কাদের বলেন, করোনাজনিত ছন্দপতনের মাঝেও ডিজিটাল সেবায় দেশের জনগণ পেয়ে যাচ্ছে গতিময় সেবা। তিনি আরো মন্তব্য করেন, দেশ ও জনগণের এই সংকটে বিএনপি এখনো অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে যাচ্ছে।