দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

নিষেধাজ্ঞা সত্ত্বেও ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে যাত্রীরা পারাপার হচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও এ রুটে বিধিনিষেধের তোয়াক্কা না করেই চলছে যাত্রী ও যানবাহন পারাপার। গতকাল মঙ্গলবার সকাল থেকে প্রতিটি ফেরিতে শত শত যাত্রী, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি পারাপার হতে দেখা গেছে।

গণপরিবহন বন্ধ থাকায় লকডাউনের পঞ্চম দিনেও গতকাল ঢাকামুখী যাত্রীরা ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, থ্রি-হুইলার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্ন আঞ্চলিক সড়ক দিয়ে ভেঙে ভেঙে মহাসড়কে উঠে কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছে। এ সময় অনেক যাত্রীকে ঢাকা-খুলনা  মহাসড়ক দিয়ে হেঁটে ফেরিঘাটে আসতে দেখা গেছে। ফেরিতে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেশি দেখা গেছে। এতে করে ফেরিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষিত হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জানান, বর্তমানে ছোটবড় আটটি ফেরি রাখা হয়েছে, তবে কোনো ফেরি খালি পারাপার হবে না, সম্পূর্ণ লোড নিয়ে ফেরিঘাট থেকে ছেড়ে যাবে, যাত্রী পারাপারের বিষয় জানতে চাইলে তিনি জানান, ফেরিতে সকাল থেকেই কিছু যাত্রী পারাপার হচ্ছে। 

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘাটে যাত্রীদের  নিয়ন্ত্রণের জন্য চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করা হচ্ছে, তাছাড়া বিনা প্রয়োজনে যাত্রী ও ব্যক্তিগত যানবাহনকে ফেরি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। যৌক্তিক কারণ ছাড়া কাউকে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে না।’