জরুরি চিকিত্সাসামগ্রী দিয়েছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে জরুরি চিকিত্সাসামগ্রী দিয়েছে ইউএস চেম্বারের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। গতকাল সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোঅ্যান ওয়াগনার এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা এসব জরুরি চিকিত্সাসামগ্রী হস্তান্তর করেন।

মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চিকিত্সাসামগ্রীগুলো যৌথভাবে অনুদান হিসেবে পাঠিয়েছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও প্রজেক্ট কিওর নামের একটি মার্কিন এনজিও। এ দফায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে সরবরাহ করা হয়েছে ৬০টি অক্সিজেন কনসেনট্রেটর এবং ভ্যারিয়েবেল পজিটিভ এয়ার প্রেশার (ভিপিএপি) ইউনিটসহ অন্যান্য অক্সিজেন সরবরাহ ও যন্ত্রের খুচরা যন্ত্রাংশ। এছাড়া আছে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে কোভিড-১৯ আক্রান্তদের সহায়তার জন্য কেএন-৯৫ এবং এন-৯৫ মাস্কসহ ৪৫ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম।

এ উদ্যোগটি বাস্তবায়ন করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য শেভরন, এক্সেলারেট এনার্জি, মেটলাইফ এবং এইচএসবিসি বাংলাদেশ। এতে সক্রিয় সহযোগিতা করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি), ওয়াশিংটন, ডিসির বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা অধিদপ্তর।