১৮ বছর হলেই টিকা পাবেন সম্মুখযোদ্ধাদের স্বজনরা : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক হারে টিকা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে মহামারি ঠেকাতে সম্মুখসারিতে কাজ করা পেশাজীবীদের পরিবারের ১৮ বছরের বেশি বয়সি সদস্যরা করোনা ভাইরাসের টিকা পাবেন। গতকাল বিকালে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে ‘কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধিনিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কোডিড-১৯ প্রতিরোধক টিকাদান কার্যক্রম জোরদারকরণ’ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন তাদের সব সময়ই অগ্রাধিকার দেওয়া হয়। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, আনসার এবং পুলিশসহ সব বাহিনীর সদস্যদের টিকার আওতায় আনতে হবে এবং তাদের পরিবার-পরিজনসহ—সবাই টিকার আওতায় আসবেন। সম্মুখসারিতে যারা কাজ করেন তাদের পরিবারের ১৮ বছরের বেশি বয়স্ক সদস্যদের সবাইকে টিকার আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাবসহ প্রশাসনের  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।