যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াসকো শহরে গোলাগুলিতে এক পুলিশসহ পাঁচ জন নিহত হয়েছেন। নিহদের মধ্যে সন্দেহভাজনও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কার্ন কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, দুপুর ১টায় তারা গোলাগুলির খবর পান। ঘটনাস্থলে গিয়ে তারা এক জনকে এলোপাতাড়ি গুলি করতে দেখেন। পুলিশের ওপরও বাড়ির ভেতর থেকে বন্দুকধারী গুলি চালান। এরপর পুলিশ ঐ বাড়ি ঘিরে ফেলে। প্রায় ৩টার দিকে সোয়াত টিম সেখানে যায়। এরপর বন্দুকধারীর গুলিতে এক জন পুলিশ গুরুতর আহত এবং আরেক জন সামান্য আহত হন। গুরুতর আহত পুলিশ সদস্য পরে মারা যান। এছাড়া বাড়িটির তিন বাসিন্দাও মারা গেছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ জানায়, সন্দেহভাজনও গুলিতে নিহত হয়েছেন। —এনবিসি নিউজ