ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ভারত সফরে গেছেন। গতকাল মঙ্গলবার তিনি দুই দিনের সফরে ভারতে পৌঁছান। আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়সহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতে যাওয়া ঠিক আগে গণতন্ত্র প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে নরেন্দ্র মোদির সরকার জানিয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সাফল্য নিয়ে ভারত গর্বিত। যারা বহুত্ববাদকে সম্মান দেয় তাদের সঙ্গে এ নিয়ে আলোচনায় দিল্লি রাজি। এখন পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে সাংবাদিক, সমাজকর্মী, বিরোধী রাজনীতিকদের ফোনে নজরদারি নিয়ে উত্তাল ভারতের রাজনীতি। জেলে সমাজকর্মী স্ট্যান স্বামীর মৃত্যু নিয়েও সমালোচনার মুখে পড়ে মোদির সরকার। এই পরিস্থিতিতে আমেরিকান পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিন থম্পসন বলেন, ‘গণতন্ত্র ও মানবাধিকারের রক্ষার বিষয়গুলো আমরা অবশ্যই তুলব। এই বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি, এসব বিষয়গুলো নিয়ে আমাদের দুই দেশের মূল্যবোধ অনেকটাই এক।’ পেগাসাস প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের ক্ষেত্রে এ নিয়ে যা ঘটেছে, সে সম্পর্কে আমাদের কাছে ভেতরের খবর নেই। আমি জানি যে, এটা বৃহত্তর বিষয়। তবে এই সমস্ত সংস্থা তাদের প্রযুক্তি যাতে এই ধরনের কার্যকলাপে ব্যবহার না করতে পারে, তা নিশ্চিত করার বিষয়ে আমরা সরব।’

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয় কোনো নির্দিষ্ট জাতীয় বা সাংস্কৃতিক পরিমণ্ডলে সীমাবদ্ধ নয়। এই দুটি ক্ষেত্রেই ভারত তার সাফল্য নিয়ে গর্বিত। সেই সাফল্য অন্যদের সঙ্গে ভাগ করে নিতে ভারত সব সময়েই রাজি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ কর্মকর্তার বক্তব্য, ভারতে দীর্ঘদিন ধরেই বহুত্ববাদে বিশ্বাসী সমাজ রয়েছে। যারা বহুত্ববাদকে সম্মান করে তাদের সঙ্গে আলোচনা করতে ভারতের কোনো সমস্যা নেই।