সামরিক জোট ন্যাটো পরবর্তী আফগানিস্তান পরিস্থিতি, আঞ্চলিক সুরক্ষা ও মহামারি করোনাভাইরাস মোকাবিলা সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে ভারত সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার (২৭ জুলাই) রাতে তিনি দেশটিতে পৌঁছেছেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে হায়দ্রাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর সংবাদ সম্মেলন শেষে বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। কালই দিল্লি ত্যাগ করার কথা রয়েছে তার। সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক।
গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের ভারতে এটা তৃতীয় সফর। এর আগে গত মার্চে দেশটিতে সফরে আসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং এপ্রিলে সফর করে যান জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিশেষ দূত জন কেরি।
জানা গেছে, সফরে মানবাধিকার পরিস্থিতি ও পেগাসাস ইস্যু নিয়েও আলোচনা করবেন অ্যান্টনি ব্লিংকেন।
ইত্তেফাক/টিএ